
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ | আমার সকাল ২৪
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। এতে পরীক্ষাকেন্দ্রে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে পরীক্ষা কার্যক্রম ব্যাহত হয়।
রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে কেন্দ্রের ১১ নম্বর কক্ষে এ দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম মো. নিয়ামুল হাসান। তিনি দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা চলাকালে হঠাৎ সিলিং ফ্যানটি খুলে তার মাথার ওপর পড়ে। এতে তার মাথার একপাশে কেটে যায় এবং তিনি আহত হন।
ঘটনার পর দ্রুত তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় কেন্দ্রের অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবক ও সংশ্লিষ্টরা। তারা পরীক্ষাকেন্দ্রের ভবনের নিরাপত্তা ব্যবস্থা যাচাই করে প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছেন।