
স্টাফ রিপোর্টার, বান্দরবান: সুকেল তঞ্চঙ্গ্যা
বান্দরবানে পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সহিংস হামলার অভিযোগ উঠেছে। গত ২৪ এপ্রিল (শুক্রবার) রাত আনুমানিক ১০টার দিকে বিএনপি নেতা মোহাম্মদ মিশকাতুল নবী মিশকাত এবং তার তিন বছরের শিশুসন্তানের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, স্থানীয় আওয়ামী যুবলীগ নেতা জসিম উদ্দিন ও ছাত্রলীগ নেতা রায়হান উদ্দিনের নেতৃত্বে একদল ব্যক্তি এ হামলায় জড়িত ছিলেন। এ সময় তার শিশুসন্তানও আহত হয় বলে দাবি করা হয়েছে।
ঘটনার বিষয়ে মোহাম্মদ মিশকাতুল নবী মিশকাত বলেন,
“পারিবারিক ও জমি সংক্রান্ত তুচ্ছ বিরোধকে কেন্দ্র করে তারা আমার ওপর হামলা চালায়। এমনকি আমার তিন বছরের শিশুকেও আঘাত করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”
ঘটনার পরপরই ভুক্তভোগী বাদী হয়ে বান্দরবান সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় উল্লেখিত দুই রাজনৈতিক নেতাসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে অভিযোগ ঘিরে এলাকায় উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার দাবি করেছেন।
বান্দরবান সদর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।