
উথোয়াই খৈ রাখাইন, স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম)
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৬ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে সাতকানিয়া থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মার্দাশা ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পসংলগ্ন একটি বাগান এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই মো. এমরান হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন—মো. আকিব (২০), মো. রবিন (২৬) ও মো. রাশেদুল ইসলাম (১৯)। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি একনলা বন্দুক, একটি ধারালো কিরিচ, দুই রাউন্ড সীসা কার্তুজ এবং ছয়টি মুখোশ উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ডাকাত সফি ও ইলিয়াসের নেতৃত্বে একটি চক্র সক্রিয় রয়েছে এবং গ্রেফতাররা ওই চক্রের সদস্য।
এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।