
মো. রবিউল ইসলাম
স্টাফ রিপোর্টার
নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশন-এর নামফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সোমবার বেলা ১২টা ১০ মিনিটে একটি লাল মখমলের পর্দা সরিয়ে মার্বেলের নামফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বগুড়া একটি ঐতিহ্যবাহী ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ অঞ্চল। সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার মাধ্যমে নাগরিক সেবার মান বৃদ্ধি, রাস্তাঘাটের উন্নয়ন এবং পরিকল্পিত নগরায়ন ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী উপস্থিত জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এই উদ্যোগের মাধ্যমে বগুড়াবাসীর মধ্যে নতুন আশা ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধির ফলে স্থানীয় সমস্যার দ্রুত সমাধান এবং টেকসই উন্নয়ন সম্ভব হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের এমপি রেজাউল করিম বাদশা, বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত তালুকদার, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহাজান আলী, বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিয়া সুলতানা এবং সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।