
শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালির মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন জগন্নাথপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিন।
উদ্বোধনী র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শান্তিনগর বাজার প্রদক্ষিণ করে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স হলে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কৃপেশ রঞ্জন রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দিন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কাওছার আহমেদ এবং উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবু হুরায়রা সাদ মাস্টার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বদরুদ্দোজা উজ্জ্বল, ডা. তানজিম হোসেন, সমাজসেবক আব্দুস শহীদ, সাংবাদিক ও মানবাধিকার কর্মী শাহ্ ফুজায়েল আহমদ, সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সর্বদা পরিচ্ছন্ন রাখতে হবে এবং রোগীদের সঙ্গে মানবিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, সকল কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়ের মধ্যে কর্মস্থলে উপস্থিত থেকে আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান করতে হবে। কোনো সমস্যার সম্মুখীন হলে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে ডা. কৃপেশ রঞ্জন রায় উপস্থিত সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন এবং সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।