এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের সহায়তায় ডিএমপির ট্রাফিক বিভাগের উদ্যোগ
জিহাদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি
সারা দেশে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীদের সহায়তায় বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছানো নিশ্চিত করতে ডিএমপির ট্রাফিক বিভাগ যানজট নিরসন, অভিভাবকদের বসার ব্যবস্থা এবং বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করেছে।
এসএসসি পরীক্ষা ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আবেগ ও উৎকণ্ঠা কাজ করে। নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো নিয়ে দুশ্চিন্তা থাকায় রাজধানীর বিভিন্ন কেন্দ্রে যানচলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ নিরলসভাবে কাজ করছে।
এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের মাঠে অস্থায়ী প্যান্ডেল স্থাপন করে অভিভাবকদের বসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বিশুদ্ধ পানির ব্যবস্থাও রাখা হয়েছে। যানবাহন পার্কিংয়ের জন্য নেওয়া হয়েছে সুপরিকল্পিত পদক্ষেপ, যাতে অভিভাবকদের ভোগান্তি কমে।
পরীক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারে সহায়তা করা হচ্ছে এবং বিভিন্ন সড়কে প্রয়োজন অনুযায়ী ডাইভারশন দিয়ে পরীক্ষা কেন্দ্রের সামনে সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে। পরীক্ষার্থীদের যে কোনো সমস্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের পাশে থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।