জগন্নাথপুর পৌরশহরে পরিচ্ছন্নতা অভিযান: সম্ভাব্য মেয়র প্রার্থী সুজাতুর রেজার উদ্যোগ
শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদক
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরকে আধুনিক ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক ব্যতিক্রমী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। আসন্ন পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী, যুক্তরাজ্য প্রবাসী, সর্বমহলের সুপরিচিত রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ সুজাতুর রেজার উদ্যোগে শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত টানা দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অভিযানটি জগন্নাথপুর পৌর পয়েন্ট এলাকা থেকে শুরু হয়ে হেলিপ্যাড সড়ক প্রদক্ষিণ করে জগন্নাথপুর তরকারি বাজার এবং বাজারসংলগ্ন বিভিন্ন গলি ও গুরুত্বপূর্ণ মোড়ে ছড়িয়ে পড়ে। এ সময় স্বেচ্ছাসেবীরা নিজ হাতে প্লাস্টিকের পলিথিনে করে ময়লা-আবর্জনা সংগ্রহ করেন এবং পরে ময়লার গাড়ির মাধ্যমে তা নির্ধারিত স্থানে অপসারণ করা হয়। পরিচ্ছন্নতা কার্যক্রমটি জগন্নাথপুর বাজার হয়ে ইকড়ছই মাদ্রাসা রোড এলাকায় গিয়ে সমাপ্ত হয়।
অভিযান শেষে সুজাতুর রেজা বলেন, “জগন্নাথপুর পৌরসভাকে একটি স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব। নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং জনদুর্ভোগ কমাতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।”
এই উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন আবু লেস, আব্দুল মতিন, সালাম, সেলু মিয়া, কালাম হোসেন, আতিকুর রহমান আতিক, রাজু আহমেদ, এমরান হোসেন, রেজুয়ান, তুহা, আবু তাহের, হালিম, ময়না মিয়া, ইমাদ হোসেন, চদরুল, শিশু মিয়া, বাদশা প্রমুখ।
এদিকে শহরের ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, পৌর শহর পরিচ্ছন্ন রাখতে এমন কার্যক্রম অত্যন্ত প্রয়োজনীয়। তারা নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।