
শাহ্ ফুজায়েল আহমদ নির্বাহী সম্পাদকঃ
সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কলিম উদ্দিন আহমেদ মিলন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে প্রায় অর্ধলক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হন।
বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে তিনি মোট ১ লাখ ৫২ হাজার ৯৭৭ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুস সালাম আল মাদানী পান ৯৯ হাজার ৯২৮ ভোট। ফলে প্রায় ৫৩ হাজার ভোটের ব্যবধানে জয় নিশ্চিত হয় ধানের শীষ প্রার্থীর। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে ফলাফল নিশ্চিত করেছেন।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নিজ কেন্দ্রেও জয়লাভ করতে পারেননি, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। ফলাফল ঘোষণার পর ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বিজয় মিছিল ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, জনগণের প্রত্যাশা পূরণ ও এলাকার সার্বিক উন্নয়নে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।