
শাহ্ ফুজায়েল আহমদ নির্বাহী সম্পাদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাে যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক শাহ মোঃ বুরহান উদ্দিন শফি হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শনিবার বিকেল ৩টায় পৌরসভার হবিবপুর গ্রামের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন শান্তিনগর পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ মাওলানা মোঃ মুহিবুর রহমানের সভাপতিত্বে এবং সুনামগঞ্জ জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীনের পরিচালনায় কর্মসূচিতে গ্রামের সর্বস্তরের মানুষ অংশ নেন। এতে বক্তব্য দেন রাজনীতিবিদ ও শিক্ষাবিদ আবু হোরায়রা ছাদ, শিক্ষানুরাগী মোঃ নজরুল ইসলাম হিরা, সমাজসেবক হাজী হারুনুজ্জামান, আবুল হোসেন, প্রবাসী সুনু মিয়া, মাসুম আহমদ, কমিউনিটি নেতা মন্তাজ আলী, মিফতা মিয়া, মোঃ আলিফ মিয়া, সাংবাদিক ও মানবাধিকার কর্মী শাহ্ ফুজায়েল আহমদ, শাহ মোঃ রুমেন মিয়া, শাহ জাহির মিয়া, শাহ মুক্তার মিয়া এবং শাহ আওলাদ মিয়া।
বক্তারা বলেন, এই হত্যাকাণ্ড একটি সুপরিকল্পিত ঘটনা এবং দ্রুত ঘাতকদের শনাক্ত করে আইনের আওতায় না আনলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
নিহতের ছোট ভাই, যুক্তরাজ্য প্রবাসী শাহ সুলেমান উদ্দিন আবেগঘন বক্তব্যে বলেন, তার ভাই অত্যন্ত ভদ্র ও সৎ মানুষ ছিলেন। তিনি দ্রুত বিচার ও দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি সপরিবারে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন শফি। ৩০ জানুয়ারি সিলেট থেকে কুলাউড়া যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। চার দিন পর ৩ ফেব্রুয়ারি জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের কোনারবন্দ হাওর থেকে তাঁর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।