ঝুট ব্যবসা নিয়ে কালিয়াকৈরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত কয়েকজন
জিহাদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, হোপ লুন লিমিটেডের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। চুক্তির মেয়াদ শেষ হওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফরহাদ হোসেনকে লক্ষ্য করে হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদের নেতৃত্বে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে তিনি অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছেন, তার ওপর আগে হামলা চালানো হয় এবং তার ব্যবহৃত গাড়ি ভাঙচুর করা হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।