ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রনেতার বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, গুরুতর আহত শিমুল চৌধুরী
মস্তু মিয়া
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর এলাকায় গভীর রাতে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মো. শিমুল চৌধুরী। মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে তার নিজ বাসভবনে এ হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বপরিকল্পিতভাবে ২৫ থেকে ৩০ জনের একটি সশস্ত্র দল শিমুল চৌধুরীর বাসভবনে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে শিমুল চৌধুরী ও তার মায়ের ওপর অতর্কিত হামলা চালায়। দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে মারাত্মকভাবে আহত করা হয়। হামলার সময় তার মাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলাকারীরা ঘরের ভেতরে ব্যাপক ভাঙচুর চালিয়ে মূল্যবান আসবাবপত্র নষ্ট করে। একই সঙ্গে তারা ঘর থেকে আনুমানিক তিন লাখ টাকা লুট করে নিয়ে যায় বলেও জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলার সময় সন্ত্রাসীরা হুমকি দিয়ে বলে, “তুই না ছাত্রশক্তি করছস, আন্দোলন করছস, এনসিপির রাজনীতি করছস—এখন তোকে কে বাঁচাবে?” এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আহত শিমুল চৌধুরীকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে একাধিক গুরুতর আঘাত রয়েছে এবং তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল এ হামলাকে রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। তাদের মতে, এটি শুধু একজন ছাত্রনেতার ওপর হামলা নয়; বরং ভিন্নমত দমন ও রাজনৈতিক কর্মকাণ্ডকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে স্তব্ধ করে দেওয়ার একটি সুপরিকল্পিত চেষ্টা।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।