ভাঙ্গায় অবৈধভাবে মাটি কেটে কৃষিজমি নষ্ট: ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা
মো: শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার
ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পড়ারন ও জাহানপুর গ্রামে অবৈধভাবে ভেকু দিয়ে কৃষিজমির মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।
অভিযানে দেখা যায়, ফসলি জমির মাটি উত্তোলন করে তা বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছিল। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি পার্শ্ববর্তী কৃষিজমিও ক্ষতিগ্রস্ত হচ্ছিল।
রোববার দুপুরে পরিচালিত এ অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা দায়ের করে দুই মাটি ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—
-
ধর্মদী গ্রামের আঃ খালেক মৃধার ছেলে মোঃ রেজাউল মৃধা (৪০), তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
-
আব্দুল্লাহবাদ গ্রামের হাকি ফকিরের ছেলে রিয়াজুল ফকির (৪০), তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করে মুচলেকা নেওয়া হয়।
এছাড়া ভাঙ্গা বাজারে নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে আরও এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম। এ সময় ভাঙ্গা থানার পুলিশের একটি দল ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।













