
সাইদুল ইসলাম, বালাগঞ্জ (সিলেট) বিশেষ প্রতিনিধি:
সিলেট নগরের বন্দরবাজার এলাকায় সড়ক দখল করে বসা ১৯ জন হকারকে আটক করেছে পুলিশ। এ সময় ১৮টি ভ্যান জব্দ করা হয়।
রবিবার রাতে বন্দরবাজার ফাঁড়ি পুলিশের ইনচার্জ শহিদুল ইসলাম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে বন্দরবাজার এলাকার বিভিন্ন সড়কে হকাররা সবজি ভ্যান নিয়ে ফুটপাত দখল শুরু করলে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। অভিযানে হেডপোস্ট অফিস সড়ক, সিটি গেইট সড়ক, জেলা পরিষদ সড়ক, করিমউল্লাহ পেপার পয়েন্ট ও হাসান মার্কেটের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৯ জন হকারকে আটক করা হয় এবং ১৮টি ভ্যান জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিদের সিলেট কোতোয়ালি থানা হাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ইনচার্জ শহিদুল ইসলাম জানান, নগরের বিভিন্ন সড়কে ফুটপাত দখলের কারণে হকারদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে এবং হকার উচ্ছেদে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।