নোয়াখালীর কোম্পানীগঞ্জে র্যাবের অভিযানে বিপুল বিদেশি মদ উদ্ধার, আটক ১
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ || আমার সকাল ২৪
নোয়াখালীর কোম্পানীগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর একটি অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার চরহাজারী ইউনিয়নের মজুমদার পাড়া এলাকায় পরিচালিত এ অভিযানে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে রাজিব মজুমদার নামে এক যুবককে আটক করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল নিশ্চিত হয় যে, চরহাজারী ইউনিয়নের মজুমদার পাড়া এলাকায় অবৈধ বিদেশি মদের একটি বড় চালান বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছে। তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে র্যাব ওই এলাকায় ঝটিকা অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে রাজিব মজুমদারের হেফাজত থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ বিদেশি মদের বোতল জব্দ করা হয়।
স্থানীয়দের ভাষ্যমতে, এলাকায় একটি চিহ্নিত মাদকচক্র দীর্ঘদিন ধরে গোপনে বিদেশি মদসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যের কারবার চালিয়ে আসছিল। র্যাবের এ অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকার সচেতন মহল যুবসমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষায় এমন অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মামলা দায়েরপূর্বক কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূল ও মাদক সিন্ডিকেট ভাঙতে র্যাবের ‘জিরো টলারেন্স’ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, জব্দকৃত আলামতসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।