
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ | আমার সকাল ২৪
নোয়াখালীর চরজব্বর থানাধীন এলাকায় ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
জানা যায়, পূর্ব আলামিন রাস্তার মাথায় অবস্থিত “মা ফার্মেসী” নামীয় ওষুধের দোকানের সামনে অভিযান চালিয়ে মোঃ হানিফ (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পূর্ব চরজব্বর (এছাক মোল্লার বাড়ি), ০২নং ওয়ার্ড, ০১নং চরজব্বর ইউনিয়নের বাসিন্দা।
আটকের সময় তার কাছ থেকে একটি লাল প্লাস্টিকের কৌটার ভেতর স্বচ্ছ পলিপ্যাকে রাখা কমলা বর্ণের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট মোট ৫২ (বায়ান্ন) পিস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ৫ গ্রাম।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ক্রমিক নং-১০(ক) অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে।