
মোঃ মেহেদী হাসান, ফরিদপুর জেলা প্রতিনিধি
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের ধানের শীষ প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, “আপনাদের সাথে আমার সম্পর্ক কেবল নির্বাচনের নয়; এ সম্পর্ক মাটির, হৃদয়ের এবং আত্মার। রাজনীতি বা নির্বাচন দিয়ে এই গভীর সম্পর্কের হিসাব করা সম্ভব নয়।”
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউষখালী বাজার সংলগ্ন মাঠে আয়োজিত এক নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে ইউনিয়ন বিএনপি।
শামা ওবায়েদ আরও বলেন, “বিগত ১৭ বছর ধরে আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। আমি আপনাদেরই মেয়ে, আপনাদেরই বোন। বিপদে-আপদে সবসময় আপনাদের পাশে থাকতে চাই। আমাকে একবার আপনাদের সেবা করার সুযোগ দিন, যেন সালথা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে পারি।”
নিজের প্রয়াত পিতার স্মৃতি চারণ করে তিনি বলেন, “আমার বাবা বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান আজীবন সত্য ও ন্যায়ের পথে চলেছেন। কোনো ষড়যন্ত্রের কাছে তিনি মাথা নত করেননি। তার সন্তান হিসেবে আমি কথা দিচ্ছি, আমি আপনাদের পাশে আছি এবং আজীবন থাকব। বাবার অসম্পূর্ণ কাজগুলো শেষ করার জন্য আমি আপনাদের দোয়া ও সমর্থন চাই।”
সভায় সভাপতিত্ব করেন বল্লভদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাস্টার মজিবুর রহমান এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মেজর (অব.) শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু মিয়া এবং সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা।
অন্যান্য উপস্থিত ছিলেন: উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, মনির মোল্লা, এজাজ কাজী, বেলায়েত হোসেন পিরু, সমাজপতি আউয়াল মুন্সি, বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, শাহজাহান শরিফ, রাজিবুল হাসান পিলি, ওহিদুল মেম্বার, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, জসিম মোল্যা, লিটন কাজী, সাইফুল মুন্সি এবং ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অজয় করসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।