
আবু বকর সিদ্দিক, ধামরাই:
ধামরাই উপজেলার সূয়াপুর ইউনিয়নের সূয়াপুর মোড় এলাকায় অবস্থিত জসিম উদ্দিন হাসপাতালে অপারেশনের পর এক নারীর মৃত্যু হওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত নারী কুটিরচর গ্রামের বাসিন্দা মহি উদ্দীনের স্ত্রী।
পরিবারের অভিযোগ, চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় নারীটিকে। অপারেশনের পরপরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং একপর্যায়ে তিনি মারা যান। পরিবারের দাবি, ভুল অপারেশনের কারণেই এই মৃ ত্যু ঘটেছে।
স্থানীয়রা জানিয়েছেন, অপারেশনের পর দায়িত্বরত কথিত ভুয়া চিকিৎসক হাসপাতাল থেকে পালিয়ে যান। এছাড়া হাসপাতালটির বিরুদ্ধে আগেও অনিয়ম এবং অদক্ষ ব্যক্তিদের মাধ্যমে চিকিৎসা পরিচালনার অভিযোগ উঠেছিল।
এলাকাবাসীর দাবি, হাসপাতালটির মালিক সূয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আব্বাস আলী। কিছু রোগীর কাছ থেকে চিকিৎসা বাবদ প্রায় এক লাখ টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
সচেতন মহল বলেছেন, মানুষের জীবন ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কোনো অনিয়ম বরদাশত করা যাবে না। তারা দ্রুত তদন্ত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জনমনে আস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।