
ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের বর্নি গ্রামে এক বর্গাচাষির স্বপ্ন রাতের আঁধারে ধূলিসাৎ করে দিয়েছে দুর্বৃত্তরা। কৃষক মোহর আলীর আড়াই বিঘা জমির ফলন্ত শসা ক্ষেত কেটে নষ্ট করে দিয়েছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। বৃহস্পতিবার সকালে মাঠে গিয়ে নিজের শ্রমের এই করুণ পরিণতি দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।
ভুক্তভোগী মোহর আলী জানান, অনেক কষ্ট ও ধার-দেনা করে তিনি ২.৫ বিঘা জমিতে শসার আবাদ করেছিলেন। গাছগুলো বেশ সতেজ হয়ে উঠেছিল এবং কয়েকদিনের মধ্যেই বাজারে শসা তোলার প্রস্তুতি চলছিল। কিন্তু গত ১৮ ফেব্রুয়ারি (বুধবার) দিবাগত রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তার ক্ষেতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে সব শসা গাছ গোড়া থেকে কেটে দেয়।
সকালে মাঠে গিয়ে তিনি দেখেন, পুরো ক্ষেতের গাছ নুইয়ে পড়ে আছে। মুহূর্তের মধ্যেই লাখ টাকার সম্ভাব্য ফসল নষ্ট হয়ে যায়। অসহায় কণ্ঠে তিনি বলেন, “আমি এখন কীভাবে দেনা শোধ করব, পরিবার চালাব কীভাবে? যারা আমার এই ক্ষতি করেছে, আমি তাদের বিচার চাই।”
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় কৃষকেরা বলছেন, দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে কৃষিকাজে নিরাপত্তাহীনতা আরও বাড়বে।
গ্রামবাসীরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবিলম্বে তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কোনো কৃষক এমন অপূরণীয় ক্ষতির শিকার না হন।