
মো. রবিউল ইসলাম
স্টাফ রিপোর্টার
বগুড়ায় প্রেমের সম্পর্কের প্রলোভন দেখিয়ে ১৯ বছর বয়সী এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে পৃথক অভিযানে এক শীর্ষ মাদক কারবারিকেও আটক করা হয়েছে।
ধর্ষণ মামলার গ্রেপ্তার আসামি ফজলে রাব্বি (২৩) পঞ্চগড়ের বোদা উপজেলার ভুল্লিপাড়া এলাকার দবিরুল ইসলামের ছেলে। অপরদিকে মাদক কারবারের অভিযোগে আটক জাকিরুল ইসলাম (৪০) বগুড়ার সোনাতলা উপজেলার ফাজিলপুর দক্ষিণপাড়া এলাকার ইনসাফ আলীর ছেলে। তার কাছ থেকে ১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (তারিখ) র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার দুই আসামিকে পৃথক থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আদমদীঘি উপজেলার বাসিন্দা ওই তরুণী বগুড়ার একটি কলেজের শিক্ষার্থী। শহরে অবস্থানের সময় ফজলে রাব্বির সঙ্গে তার পরিচয় ও পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তরুণী প্রেমিকের ভাড়া বাসায় গেলে সেখানে তাকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী ২ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।
অন্যদিকে, সোনাতলা উপজেলার ফাজিলপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাকিরুল ইসলামের বসতবাড়ি তল্লাশি করে ১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাকে সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।