ডিবির অভিযানে তুরাগে বিপুল মোবাইল ও যন্ত্রাংশসহ ৩ জন গ্রেফতার
জিহাদুল ইসলাম বিশেষ প্রতিনিধি
রাজধানীর তুরাগ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৪৪২টি মোবাইল ফোন, বিপুল পরিমাণ মোবাইল পার্টস ও নগদ ৮ লাখ ৮৪ হাজার টাকাসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন— শাহরিয়ার হাসান সরকার রাজা (২৬), মো. রনি মিয়া (২৪) ও শ্রী নয়ন চন্দ্র সূত্রধর (১৯)।
ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১২ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে তুরাগ থানাধীন রূপায়ণ সিটি গ্র্যান্ড ব্লকের একটি ভবনে অভিযান চালানো হয়। অভিযানে তাদের আটক করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে ৪৪২টি মোবাইল ফোন, ৮ লাখ ৮৪ হাজার টাকা, ৫টি ল্যাপটপ, ৩টি সিল মেশিন, মোবাইল খোলার যন্ত্র, হিট মেশিন, IMEI নাম্বার ছাপানোর মেশিন, টাকা গণনার মেশিন, প্রিন্টারসহ বিপুল পরিমাণ মোবাইল পার্টস উদ্ধার করা হয়। এছাড়া ৭৪০টি ডিসপ্লে, ২ হাজার ৬০টি ব্যাক সেল, ১ হাজার মোবাইল ব্যাটারি, ৩ হাজার ৫০০ খালি বক্স এবং অন্যান্য সরঞ্জামও জব্দ করা হয়েছে।
ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মোবাইল চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা চীন থেকে অবৈধভাবে মোবাইল ফোন ও পার্টস আমদানি করে শুল্ক ফাঁকি দিয়ে রাজধানীর বিভিন্ন মার্কেটে বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ ঘটনায় তুরাগ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।