
মোঃ নাজমুল হক নয়ন
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চিনি ও ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে ভেজাল গুড় উৎপাদনের অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার কলাবাড়ী ইউনিয়নের কলাবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী চয়ন সরকার (৪৩), স্থানীয় পূর্ণ চন্দ্র সরকারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি আখের গুড়ের নামে ভেজাল “আঁখি গুড়” তৈরি ও বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আখের রসের পরিবর্তে তিনি চিনি জ্বালিয়ে এবং বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে গুড় উৎপাদন করতেন। বিষয়টি স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে উপজেলা প্রশাসনের নজরে আসে।
পরে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক ঘটনাস্থলে গিয়ে কারখানাটি পরিদর্শন করেন এবং অভিযোগের সত্যতা পান। এ সময় বিপুল পরিমাণ চিনি, কেমিক্যাল ও ভেজাল গুড় তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযানে দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত চয়ন সরকারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। একই সঙ্গে জব্দকৃত ভেজাল গুড় ও সরঞ্জাম ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।
ইউএনও সাগুফতা হক বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অসাধু ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।
অভিযানে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।