
মো. শাকিল আহামাদ, জেলা প্রতিনিধি (রাজশাহী):
রাজশাহীর সীমান্ত এলাকা থেকে অস্ত্রের একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার সীমান্তবর্তী রাওথা বিওপি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং আট রাউন্ড গুলি। বিজিবি জানিয়েছে, অস্ত্রগুলো ভারত থেকে পাচার করে আনা হয়েছিল।
বিজিবি রাজশাহী ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র পাচারকারী একটি মোটরসাইকেলসহ অস্ত্রগুলো ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে নদীপথে অস্ত্রের একটি চালান সীমান্তে প্রবেশ করছে। এ তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী বিওপির সদস্যরা সমন্বিতভাবে এলাকায় অ্যাম্বুশ করে অবস্থান নেন। দীর্ঘ সময় অপেক্ষার পর ভোরের দিকে বাঘা থানাধীন রাওথা-পিরোজপুর এলাকায় একটি মোটরসাইকেলে সন্দেহভাজন একজনকে চলাচল করতে দেখা গেলে তাকে থামানোর চেষ্টা করা হয়। এ সময় তিনি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান।
বিজিবি অধিনায়ক আরও জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিজিবি ১ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে ১০টি বেইজ ক্যাম্প, ২৮ প্লাটুন মোবাইল স্ট্রাইকিং ফোর্স, কে-৯ ইউনিটের সদস্য, পদ্মা নদীতে সাতটি স্পিডবোট ও ফাস্ট পেট্রোল ক্রাফট মোতায়ন করা হয়েছে। এছাড়া সীমান্তের ১৬টি বিওপির প্রতিটিতে ১০ জন করে স্ট্রাইকিং রিজার্ভসহ প্রায় ৭০০ জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।