বেলকুচিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা মাদক, ইভটিজিং ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
- আপলোডের সময় : Sunday, August 30, 2026,

বেলকুচিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
মাদক, ইভটিজিং ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক, ইভটিজিং, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা এবং যমুনা নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।
সভায় সভাপতির সমাপনী বক্তব্যে ইউএনও আফরিন জাহান বলেন, “তরুণ ও যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। কোনো অবস্থাতেই ইভটিজিং বা কিশোর গ্যাংয়ের অপতৎপরতা সহ্য করা হবে না।”
তিনি আরও বলেন, উপজেলার নদী ও আবাদি জমি রক্ষায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ সুশীল সমাজের সহযোগিতাও কামনা করেন তিনি।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি, বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তদারকি জোরদার এবং জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মো. গোলাম আযম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, সাবেক সদস্য সচিব মো. বনি আমিন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকরা।









