
মো: শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার
ফরিদপুর জেলার সালথা থানার ২ নং গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে বিএনপির উদ্যোগে নির্বাচনী প্রচারণা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বালির চর মাঠে অনুষ্ঠিত সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ (নগরকান্দা–সালথা) আসনে ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামা ওবায়েদ ইসলাম (রিংকু)। তিনি বক্তৃতায় বলেন,
“আপনাদের সঙ্গে আমার সম্পর্ক কেবল নির্বাচনের নয়, এটি মাটির, হৃদয়ের ও আত্মার। রাজনীতি বা নির্বাচন দিয়ে এই সম্পর্কের মূল্যায়ন করা সম্ভব নয়। গত ১৭ বছর ধরে আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমাকে একবার সুযোগ দিন, সালথাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব।”
শামা ওবায়েদ ইসলাম তার প্রয়াত পিতার কথা স্মরণ করে বলেন,
“আমার বাবা বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান সবসময় সত্য ও ন্যায়ের পথে ছিলেন। তার সন্তান হিসেবে আমি আপনাদের পাশে থাকার অঙ্গীকার করছি। বাবার অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে আপনাদের দোয়া ও সমর্থন চাই।”
সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মো. পাবেল রায়হান, মো. ছালাম মোল্লা, মো. মোরাদ মেম্বার, মো. হাজী আব্দুস সোবহান মোল্লা, মো. ওহাব মোল্লা, মো. হায়দার মোল্লা, মো. সোহেল মোল্লা, মো. কবির মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।