
প্রতিবেদন : তৌহিদ ইসলাম
ঢাকা-১৮ (১৯১) সংসদীয় আসনে নির্বাচন কমিশনের আচরণবিধি প্রকাশ্যে লঙ্ঘনের অভিযোগ উঠেছে এনসিপি প্রার্থী আরিফুল ইসলামের বিরুদ্ধে। সরেজমিনে দেখা গেছে, আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বড় আকারের রঙিন ব্যানার টাঙানো হয়েছে, যা নির্বাচনী বিধিমালার পরিপন্থী।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, তুরাগ ও ভাটারা থানা নিয়ে গঠিত ঢাকা-১৮ আসন। এর মধ্যে উত্তরা মডেল টাউন (১–১০ নম্বর সেক্টর), খিলক্ষেত ও কুড়িল বিশ্বরোড এলাকায় এনসিপি প্রার্থীর রঙিন ব্যানার বেশি চোখে পড়েছে।
নির্বাচন কমিশনের ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা’ অনুযায়ী এবারের নির্বাচনে পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং ব্যানার-ফেস্টুন কেবল সাদা-কালো রঙের হওয়ার কথা। এসব বিধি লঙ্ঘনের ক্ষেত্রে জেল, জরিমানা এমনকি প্রার্থিতা বাতিলের বিধানও রয়েছে।
অন্যদিকে, ঢাকা-১৮ আসনের অন্যান্য প্রার্থীরা আচরণবিধি মেনে সাদা-কালো ব্যানার ও প্রচারসামগ্রী ব্যবহার করলেও এনসিপি প্রার্থী আরিফুল ইসলামের ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। এতে সাধারণ ভোটারদের মধ্যে প্রশ্ন ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রকাশ্যে বিধি লঙ্ঘনের অভিযোগ থাকলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে স্থানীয়রা জানান। ফলে নির্বাচন কমিশন ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও জনমনে নানা আলোচনা চলছে