
সাইদুল ইসলাম, বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মাসুম আহমদ (২১) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার তালেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম উপজেলার তাজপুর ইউনিয়নের দুরাজপুর গ্রামের হিরন মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাজপুর বাজার থেকে গোয়ালাবাজারে যাওয়ার পথে তালেরতল এলাকায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান মাসুম। এতে তিনি মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল হাসান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।