
জিহাদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি, ঢাকা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক নিয়মিত বাজার মনিটরিং ও অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) চিটাগাং রোড ও সিদ্ধিরগঞ্জপুল এলাকার কাঁচাবাজারে মূল্যতালিকা প্রদর্শন না করার কারণে মনির স্টোর, আল মদিনা স্টোরসহ ৪টি প্রতিষ্ঠানকে মোট ৬,৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক। অভিযানটি পরিচালিত হয়েছিল চিটাগাং রোডের হাজী আহসানউল্লাহ কাঁচাবাজার এবং সিদ্ধিরগঞ্জপুল খাজা মার্কেটে। জরিমানা করা হয় দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন না করার জন্য।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক গণমাধ্যমকে বলেন, “অভিযানের লক্ষ্য হলো দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং ব্যবসায়ীদের সতর্ক করা। পুরো রমজান মাস এই ধরনের বিশেষ অভিযান চালানো হবে।”
তথ্যসূত্রে জানা যায়, এর আগে জানুয়ারি মাসে বাসি খাবার বিক্রির অভিযোগে হীরাঝিলের ঢাকা কাচ্চি ডাইনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। এই ধরনের নিয়মিত অভিযান বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।