
মেহেদী হাসান হাবিব, জামালপুর জেলা প্রতিনিধি | ৩ মার্চ, ২০২৬
জামালপুর শহরের রামনগর সাতরাস্তা মোড়ে মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ৩টায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও দলীয় নেতাদের ফেস্টুন পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়দের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পরিচালিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত সোমবার রাতে ব্যবসায়ী সোহেল তার দোকানে যুবদল নেতা সোহেল রানা খানের ছবি এবং পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থীর প্রত্যাশা প্রকাশ করা ফেস্টুন লাগান। কিছু সময় পর স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা ফেস্টুন ছিঁড়ে পোড়ানোর পাশাপাশি দোকানে হামলা চালায়।
বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের ছবি পোড়ানো ব্যক্তি কখনো বিএনপির আদর্শের সৈনিক হতে পারে না। এই দুর্বৃত্তদের দল থেকে আজীবন বহিষ্কার করতে হবে।”
হামলার ঘটনায় জামালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মানববন্ধনে হুশিয়ারি উচ্চারণ করে বলা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনা না হলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।