
জিহাদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি (ঢাকা)
হজ্জ ও প্রবাসী যাত্রীদের বিমানবন্দরে হয়রানি ও ভোগান্তি দূর করতে সরকার কার্যকর ও যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জ সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, হজ্জযাত্রী ও বিদেশগামী কর্মীরা দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক মর্যাদার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের যাত্রা সহজ, নিরাপদ ও স্বস্তিদায়ক করতে বিমানবন্দরগুলোতে জনবল সংকট নিরসন, ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং একীভূত সেবা নিশ্চিত করা হবে।
তিনি আরও জানান, দালালচক্রের অপতৎপরতা বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। পাশাপাশি ইমিগ্রেশন প্রক্রিয়া, লাগেজ ব্যবস্থাপনা এবং ফ্লাইট পরিচালনায় প্রযুক্তিনির্ভর সেবা বাড়ানো হবে, যাতে যাত্রীরা স্বল্প সময়ে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন।
এ সময় মন্ত্রী অতীতের নেতিবাচক চর্চা ও দুর্নামের অধ্যায় পেছনে ফেলে জনবান্ধব ও স্বচ্ছ উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।