
নিউজ ডেস্ক, আমার সকাল ২৪
হাইকোর্টে নির্বাচনী অনিয়মের অভিযোগ শুনানির জন্য ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ গঠন করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারার ভিত্তিতে এই ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করবেন।
হাইকোর্টের কার্যতালিকায় বলা হয়েছে, ২০০১ সালের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী নির্বাচনী আবেদনপত্র এবং সংশ্লিষ্ট রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানি এই বেঞ্চে সম্পন্ন হবে।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের ৪৫ দিনের মধ্যে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ রয়েছে। নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট জারি করেছেন। এতে নির্বাচিতদের নাম, পিতার/স্বামীর নাম, মাতার নাম ও ঠিকানা প্রকাশ করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী দুটি আসনের ফলাফলের গেজেট এখনও জারি করা হয়নি।