
নিউজ ডেস্ক, নির্বাচনের সকাল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল দ্রুত ও নির্ভুলভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ভোটাররা ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে রিয়েল-টাইমে ভোটের ফলাফল জানতে পারবেন। এ লক্ষ্যে ইসি চালু করেছে ‘Smart Election Management BD’ নামের একটি আধুনিক মোবাইল অ্যাপ।
অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস—উভয় প্ল্যাটফর্মেই পাওয়া যাবে। ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে গিয়ে ‘Smart Election Management BD’ লিখে সার্চ করে সহজেই ডাউনলোড ও ইনস্টল করতে পারবেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, সাধারণ ফলাফল দেখার জন্য কোনো লগইনের প্রয়োজন হবে না। তবে ব্যক্তিগত ভোটারের তথ্য বা নির্দিষ্ট কেন্দ্রভিত্তিক বিস্তারিত তথ্য জানতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার করে লগইন করলে অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে।
অ্যাপটির অন্যতম প্রধান ফিচার হলো লাইভ আপডেট সুবিধা। প্রতিটি কেন্দ্রে ভোট গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফলাফল সরাসরি অ্যাপে আপলোড করা হবে, যেখানে প্রার্থী বা দলভিত্তিক প্রাপ্ত ভোটের সংখ্যা ও শতাংশ তাৎক্ষণিকভাবে দেখা যাবে। এছাড়া ভোটের অগ্রগতি সহজে বোঝার জন্য অ্যাপে গ্রাফ ও চার্টের মাধ্যমে তথ্য উপস্থাপন করা হয়েছে।
নির্বাচন কমিশনের মতে, এই ডিজিটাল উদ্যোগ নির্বাচনি তথ্য প্রাপ্তিতে স্বচ্ছতা বাড়াবে এবং গুজব ছড়ানোর সুযোগ কমাবে। নতুন এই প্রযুক্তি ভোটারদের জন্য তথ্যের সহজলভ্যতা নিশ্চিত করার পাশাপাশি নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও আধুনিক করে তুলবে।