
ঝুমুরী আক্তার সন্ধ্যা
মাদারীপুরের শিবচরে পুকুরের পানিতে ডুবে আদনান নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শিবচর পৌরসভার খানকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আদনান খানকান্দি গ্রামের মো. সৈয়দ জনির ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শিশু আদনান বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছু সময় পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান।
তাৎক্ষণিকভাবে উদ্ধার করে আদনানকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির পরিবারের সদস্যদের মধ্যে চলছে শোকের মাতম।