রাজশাহীতে স্বর্ণ চুরির ঘটনায় গ্রেপ্তার ৮, স্বর্ণ ও নগদ অর্থ…
- আপলোডের সময় : Friday, September 11, 2026,

রাজশাহীতে স্বর্ণ চুরির ঘটনায় গ্রেপ্তার ৮, স্বর্ণ ও নগদ অর্থ জব্দ
মোঃ শাকিল আহামাদ
জেলা প্রতিনিধি, আমার সকাল ২৪
রাজশাহী
রাজশাহীর সাহেববাজারে কারুশ্রী জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনায় সাত চোর ও চোরাই স্বর্ণ কেনার অভিযোগে এক স্বর্ণ ব্যবসায়ীসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে একজনকে খুলনা এবং ছয়জনকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই স্বর্ণ কেনার অভিযোগে স্বর্ণ ব্যবসায়ী রবিউল হাসানকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজিউর রহমান সংবাদ সম্মেলনে জানান, রবিউল হাসানের কাছ থেকে চুরি যাওয়া ২৬ ভরি স্বর্ণ, ৬২ ভরি রূপা এবং চোরাই স্বর্ণ বিক্রির ২৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। অসুস্থ হয়ে পড়ায় তাকে পুলিশ পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১৯ জুন ভোরে ১০ থেকে ১২ জনের একটি চোরচক্র বিভিন্ন সামগ্রী বিক্রির দোকান বসিয়ে সাহেববাজার এলাকায় জটলা তৈরি করে। একপর্যায়ে পাশের একটি স্বর্ণের দোকানের তালা খুলে ভেতরে প্রবেশ করে তারা। পরে ওই দোকানের দেয়াল কেটে কারুশ্রী জুয়েলার্সে ঢুকে চুরির ঘটনা ঘটায়।
পুলিশ জানায়, চক্রটি সিন্দুক ভেঙে প্রায় ২০০ ভরি স্বর্ণ, ২ হাজার ২০০ ভরি রূপা, তিন বক্স স্বর্ণের নাকফুল এবং নগদ ২০ লাখ টাকা নিয়ে যায়।
ঘটনার পর ডিবি, সাইবার ইউনিট ও সিসি ক্যামেরা ইউনিটের সমন্বিত তদন্তে চক্রটির সদস্যদের শনাক্ত করা হয়।
পুলিশ আরও জানায়, চক্রের সদস্যরা একটি মোবাইল ফোন একবারের বেশি ব্যবহার করে না। চুরির আগে কয়েক মাস ধরে টার্গেট করা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকা পর্যবেক্ষণ করে তারা। কারুশ্রী জুয়েলার্সে চুরির আগেও প্রায় চার মাস ধরে রাজশাহীতে এসে দোকান ও আশপাশের এলাকা পর্যবেক্ষণ করেছিল চক্রের সদস্যরা।
চুরি যাওয়া বাকি মালামাল উদ্ধার এবং এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।