
শাহীন হাওলাদার ক্রাইম রিপোর্টার
ফরিদপুর, সালথা – সালথা থানার পুলিশ সোমবার (২ মার্চ) রাতে মাঝারদিয়া গ্রাম থেকে সাহিদ শেখ (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে স্ত্রী জাহানারা বেগম ও স্কুলপড়ুয়া ছেলে আশিককে ঘরের বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে মারধর ও নির্যাতনের অভিযোগ রয়েছে।
সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাহিদ শেখকে আটক করা হয়। অভিযোগ অনুযায়ী, সাহিদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। স্ত্রী ও ছেলে তাকে বারবার এই অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে অনুরোধ করলে ক্ষিপ্ত হয়ে গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে তিনি তাদের শারীরিকভাবে নির্যাতন করেন।
ঘটনার পর জাহানারা ও আশিক প্রাণভয়ে পাশের গ্রামের আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। পুলিশ অভিযুক্তকে আদালতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।