
ঝুমুরী আক্তার সন্ধ্যা, শিবচর (মাদারীপুর)
মাদারীপুরের শিবচরে ভদ্রাসন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সোমবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী উঠান বৈঠক। এতে মাদারীপুর-১ (শিবচর) আসনের স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লা উপস্থিত থেকে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক দুইবারের চেয়ারম্যান এস. এম. তোফাজ্জেল হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয়।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, দত্তপাড়া ইউনিয়নসহ আশপাশের এলাকা থেকে সর্বোচ্চ ভোট দিয়ে জামান মোল্লাকে বিজয়ী করা হবে। তারা বলেন, এবারের ভোট প্রতীকের নয়—ব্যক্তি, সততা ও যোগ্যতার ভিত্তিতে।
সাবেক ইউপি সদস্য বজলুর রহমান বলেন, “আমার ৫০ বছরের রাজনৈতিক জীবনে জামান মোল্লার মতো উদার ও সৎ মানুষ দেখিনি। আমরা তাকে সর্বোচ্চ ভোট দিয়ে জয়যুক্ত করবো।”
আরেক বক্তা বলেন, “জামান মোল্লা অত্যন্ত মিশুক ও যোগ্য। তিনি মানুষের সমস্যায় সবসময় পাশে থাকেন।”
শিবচর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাজাহান সাজু মোল্লা বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে আমরা গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন-সংগ্রাম করেছি। জামান মোল্লাকে দমিয়ে রাখা সম্ভব হয়নি। তিনি ঢাকাসহ বিভিন্ন স্থানে আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন।”
প্রধান অতিথি কামাল জামান মোল্লা বলেন, “আপনাদের ভালোবাসা ও উপস্থিতির জন্য আমি কৃতজ্ঞ। নির্বাচিত হলে শিবচরে কোনো অন্যায় হতে দেব না। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, নির্ভয়ে ভোট দেবেন।”
উঠান বৈঠকে শাজাহান সাজু মোল্লা, স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।