
আনারুল ইসলাম, দূর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে নেত্রকোণা জেলা দুর্গাপুরে সিপিবি মনোনীত প্রার্থী মোঃ আলকাছ উদ্দিন মীরের পক্ষে জনসভা ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে আয়োজন করা হয় এই সভা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, যিনি বলেন, “কৃষক, শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার রক্ষা এবং শোষণমুক্ত সমাজ গড়তে কাস্তে মার্কায় ভোট দেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই। মহান মুক্তিযুদ্ধের চেতনা অনুযায়ী সাম্প্রদায়িক সম্প্রীতি পুনরুদ্ধারে কাস্তে মার্কায় ভোট দিন। সন্ত্রাসমুক্ত নেত্রকোনা-১ গড়তে এক হয়ে ভোট দিন।”
বিশেষ অতিথি কমরেড ডা. দিবালোক সিংহ বলেন, “শ্রমজীবী ও মেহনতি মানুষের স্বার্থ রক্ষায় কাস্তে মার্কা ছাড়া বিকল্প নেই। প্রার্থীরা বিজয়ী হলে দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করে জনবান্ধব উন্নয়ন নিশ্চিত করবে।”
সভায় আরও বক্তব্য রাখেন সিপিবি নেত্রকোনা জেলা কমিটির সভাপতি কমরেড নলিনী কান্ত সরকার, জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক কমরেড মোশতাক আহমেদ এবং উপজেলা নারী সেলের আহ্বায়ক কমরেড তাসলিমা বেগম, সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
সভা সঞ্চালনা করেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, এবং সভাপতিত্ব করেন প্রার্থী আলকাছ উদ্দিন মীর। বিভিন্ন এলাকা থেকে আগত শত শত ভোটার অংশগ্রহণ করেন। তারা এলাকার উন্নয়ন, সম্পদের সুষম বণ্টন এবং মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাস্তে মার্কায় ভোট দেওয়ার অঙ্গীকার করেন।
সভা শেষে নেতাকর্মীরা লাল পতাকা হাতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বিশাল মিছিল বের করেন।