
ইনকিয়াদ আহ্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি
ঢাকায় যশোরের সাংবাদিকদের প্রথম ইফতার মাহফিল ও মতবিনিময় সভা রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক মাহমুদ সোহেলের সভাপতিত্বে ও নাজিম উদ দৌলা সাদীর সঞ্চালনায় অনুষ্ঠানে যশোরের উন্নয়ন, ঐক্য ও সামাজিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে আলোচনা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “সম্পর্ক স্থায়ী হলে এবং পদ-পদবির বাইরে সহযোগিতা থাকলে যশোরের সামষ্টিক উন্নয়ন সম্ভব।” তিনি গত প্রজন্মের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ৬ আসনের জামায়াত এমপি অধ্যাপক মুক্তার আলী। এছাড়া সাবেক উপজেলা চেয়ারম্যান, জেলা প্রশাসক, সিনিয়র সাংবাদিক ও ব্যবসায়ীসহ ঢাকায় কর্মরত যশোরের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানটি উপভোগ করেন।
যশোর সাংবাদিক ফোরামের আহ্বায়ক মাহমুদ সোহেল বলেন, “ফোরাম যশোরের উন্নয়নে সবসময় পাশে থাকবে এবং মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।”
অনুষ্ঠানে ফোরামের সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম আহ্বায়ক ও অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।