
ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের কুন্দিপুর গ্রামে গভীর নলকূপে গোসল করার সময় ১০ বছর বয়সী এক শিশু পেটানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর শিশুর পরিবার থানায় অভিযোগ দায়ের করেছেন।
কুন্দিপুর গ্রামের আফসার আলীর ছেলে ও আহত শিশুর পিতা মো. মনিরুজ্জামান (৪৫) অভিযোগ করেন, একই গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মো. জাফর (৪২) দীর্ঘদিন ধরে শিশুকে নলকূপে গোসল করার সময় বিভিন্নভাবে গালিগালাজ ও মারপিট করত। বুধবার (০৪ মার্চ) সকাল আনুমানিক ১১টার দিকে শিশুটি জাফরের গালিগালাজ বন্ধ করতে গেলে জাফর তাকে এলোপাতাড়ি চড় এবং বেত দিয়ে মারপিট করে। এতে শিশুর শরীরের বিভিন্ন স্থানে নীল-ফোলা জখম হয়।
আহত শিশুকে পরিবারের সদস্যরা দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
ঝিকরগাছা থানার তদন্ত অফিসার মো. আবু সাঈদ জানান, এ ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।