
জিহাদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, তাঁর পরিবারের সদস্য ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।
আদালত সূত্রে জানা যায়, দুদকের উপপরিচালক আলমগীর হোসেন ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন। আবেদনে বলা হয়, কিরণ ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ৪১টি ব্যাংক হিসাবের বর্তমান মোট জমানো অর্থ ৩৭ লাখ ২৫ হাজার ৯৩৪ টাকা। প্রাথমিক অনুসন্ধানে এই বিপুল অর্থের উৎস অস্বাভাবিক ও সন্দেহজনক হিসেবে দেখা হচ্ছে।
দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এই অর্থ অর্জন করেছেন। বর্তমানে তারা যেকোনো সময় এই অর্থ উত্তোলন করে বিদেশে পাচার বা অন্য কোনো উপায়ে সরিয়ে ফেলতে পারেন। তাই রাষ্ট্রের সম্পদ রক্ষার জন্য এবং তদন্তের স্বার্থে ব্যাংক হিসাবগুলো জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন।
আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন মেয়াদে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছেন। দায়িত্বকালীন সময়ে তাঁর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি ও প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। সরকার পরিবর্তনের পর দুদক তাঁর বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করে।
সংশ্লিষ্ট মহলের মতে, ব্যাংক হিসাব অবরুদ্ধ হওয়ায় তাঁর বিরুদ্ধে চলমান দুর্নীতি তদন্ত আরও বেগবান হবে এবং পাচারের হাত থেকে সরকারি অর্থ রক্ষা পাবে।