২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপলোডের সময় : Monday, August 24, 2026,

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ-৮১) অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে তার। দীর্ঘ প্রায় ২০ বছর পর তার এ যুক্তরাষ্ট্র সফর হতে যাচ্ছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন সাইডলাইন কর্মসূচিতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার আগে আপাতত অন্য কোনো দেশ সফরে যাচ্ছেন না তিনি।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সফরসূচি এবং অন্যান্য কর্মসূচি চূড়ান্ত করতে কাজ করছেন। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ সফরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে একটি নোট ভার্বালও পাঠানো হয়েছে।
সরকারপ্রধান হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কের কর্মসূচি শেষে ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে দুই দিনের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সব মিলিয়ে সফরটি ৮ থেকে ১০ দিনের হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফলে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের সরকারপ্রধান ও সাধারণ পরিষদের সভাপতির একই সময়ে উপস্থিতি কূটনৈতিকভাবে বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসী এবং যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তাকে স্বাগত জানাতে নিউইয়র্কে বড় ধরনের নাগরিক সংবর্ধনার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
সফরের কর্মসূচি সফল করতে যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা ইতোমধ্যে অনলাইনে যৌথ প্রস্তুতি সভা করেছেন। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে নেতাকর্মীরা নিউইয়র্কে সমবেত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উল্লেখ্য, সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর হিসেবে গত ২১ থেকে ২৬ জুন মালয়েশিয়া ও চীন সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সফরে জনশক্তি রপ্তানি, পণ্য আমদানি-রপ্তানি ও করিডোর স্থাপনসহ বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) ও চুক্তি স্বাক্ষরিত হয়।
এরপর কয়েকটি দেশ সফরের জন্য আমন্ত্রণ পেলেও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী অন্য কোনো দেশ সফর করছেন না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।










