১৩ বছর পর গেইলের রেকর্ড ভেঙে প্রিটোরিয়াসের ইতিহাস
- আপলোডের সময় : Saturday, October 3, 2026,

১৩ বছর পর গেইলের রেকর্ড ভেঙে প্রিটোরিয়াসের ইতিহাস
জাতীয় আমার সকাল ২৪
ক্রিস গেইলের ১৩ বছর ধরে অক্ষত থাকা টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস।
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে’ টাইটানসের হয়ে নাইটসের বিপক্ষে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।
ব্লেমফন্টেইনে অনুষ্ঠিত ম্যাচে প্রিটোরিয়াস পেছনে ফেলেন গেইলের ১৭৫ রানের রেকর্ড। ২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে অপরাজিত ১৭৫ রান করেছিলেন গেইল। দীর্ঘ ১৩ বছর পর সেই রেকর্ড নিজের করে নিলেন প্রিটোরিয়াস।
প্রথম টি-টোয়েন্টি দ্বিশতকের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন এই তরুণ ব্যাটার। তবে দলের ইনিংস শেষ হওয়ায় ২০০ থেকে মাত্র ১২ রান দূরে থামতে হয় তাকে।
ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন টাইটানসের ওপেনার। মাত্র ২৪ বলে ফিফটি পূর্ণ করার পর আরও ১৬ বলে সেঞ্চুরি করেন তিনি। অর্থাৎ মাত্র ৪০ বলেই শতকের দেখা পান প্রিটোরিয়াস। এরপর ৫৮ বলে দেড়শ রানের মাইলফলক স্পর্শ করেন।
নাইটসের বোলারদের ওপর রীতিমতো ঝড় তোলেন তিনি। ৭৯ বলের ইনিংসে ১৫টি চার ও ১৩টি ছক্কা হাঁকিয়ে ১৮৮ রান করেন প্রিটোরিয়াস।
৭৯ বল খেলার মাধ্যমে পুরুষদের টি-টোয়েন্টিতে অ্যারন ফিঞ্চ ও মার্কাস স্টোইনিসের যৌথভাবে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ডেও ভাগ বসিয়েছেন তিনি।
প্রিটোরিয়াসের অপরাজিত ১৮৮ রানের ইনিংসে ভর করে টাইটানস ৩ উইকেটে ২৬৭ রানের বিশাল সংগ্রহ গড়ে। এটি সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর।
এর আগে ২০২২ সালে ডেভাল্ড ব্রেভিসের ১৬২ রানের ইনিংসের ওপর ভর করে ২৭১ রান করেছিল টাইটানস, যা টুর্নামেন্টটির সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল। একই ম্যাচে ব্রেভিসের ১৬২ রান ছিল সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসও।
নতুন রেকর্ড গড়ে প্রিটোরিয়াস এক ইনিংসেই গেইলের টি-টোয়েন্টি রেকর্ড ভাঙার পাশাপাশি ব্রেভিসের টুর্নামেন্ট-সেরা ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও ছাড়িয়ে গেলেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।