হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও উসকানির প্রতিবাদে কুষ্টিয়ায় মিট দ্য প্রেস
- আপলোডের সময় : Tuesday, September 15, 2026,

হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও উসকানির প্রতিবাদে কুষ্টিয়ায় মিট দ্য প্রেস
জুবায়ের খান প্রান্ত
স্টাফ রিপোর্টার
হেযবুত তওহীদের বিরুদ্ধে গুজব, মিথ্যাচার, অপপ্রচার, প্রকাশ্য হুমকি ও উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে কুষ্টিয়ায় মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়ার নিকেতনে হেযবুত তওহীদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এ মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম মূল বক্তব্য উপস্থাপন করেন।
বক্তব্যে ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, হেযবুত তওহীদের বিরুদ্ধে একটি শ্রেণি ওয়াজ-মাহফিল, মসজিদের মিম্বর ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে। এর মাধ্যমে সাধারণ মানুষকে সংগঠনটির বিরুদ্ধে উসকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, প্রকাশ্যে হুমকি, সহিংসতায় উসকানি, মিথ্যা অপপ্রচার এবং নারীদের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য প্রদানকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে হেযবুত তওহীদের সদস্যদের সাংবিধানিক অধিকার, মানবাধিকার এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।
ইমাম সেলিমের দাবি, নোয়াখালীর সোনাইমুড়ীতে হেযবুত তওহীদের এক ইমামের গ্রামের বাড়িতে অরাজকতা সৃষ্টির চক্রান্তের অংশ হিসেবে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর অঞ্চলের বিভিন্ন মসজিদে উসকানিমূলক বক্তব্য ও প্রচারপত্র বিতরণ করা হয়েছে। পাশাপাশি ঢাকার উত্তরায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও উসকানিমূলক মিছিল ও হুমকির ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, প্রশাসন ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করার পরও বিভিন্ন স্থানে ওয়াজের নামে হেযবুত তওহীদের বিরুদ্ধে ফতোয়া ও উসকানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে।
হেযবুত তওহীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবির প্রসঙ্গে তিনি বলেন, গত ৩১ বছরে সংগঠনটির বিরুদ্ধে দায়ের হওয়া পাঁচ শতাধিক মামলায় আদালতে তারা বেকসুর খালাস পেয়েছে এবং সংগঠনটি কখনো আইন অমান্য করেনি। একই সঙ্গে বিভিন্ন মাদ্রাসা ও মসজিদে শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধের ঘটনা তুলে ধরে এসব বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম আরও বলেন, এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড হেযবুত তওহীদের সদস্যদের জানমাল, বাড়িঘর ও সম্পদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। অতীতে ২০১৬ সালে তার গ্রামের বাড়িতে হামলা, দুই সদস্য নিহত এবং অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছিল বলেও উল্লেখ করেন তিনি। ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
মিট দ্য প্রেসের শেষ পর্যায়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন হেযবুত তওহীদের এই নেতা।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় আমির তানভীর আহমেদ, কুষ্টিয়া আঞ্চলিক আমির মো. জসেব উদ্দিন, খুলনা অঞ্চলের আঞ্চলিক আমির শামসুজ্জামান মিলন, কেন্দ্রীয় বাণিজ্য সম্পাদক কাজী জাহিদুল হক, কেন্দ্রীয় অর্থ সম্পাদক আইনুল হক, কুষ্টিয়া জেলা সভাপতি মো. আক্কাচ আলী, খুলনা বিভাগীয় গণমাধ্যম সম্পাদক জাহিদ মাহমুদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।