হেফাজতের বিরুদ্ধে মিথ্যাচার ও হুমকির অভিযোগ, কুষ্টিয়ায় হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
- আপলোডের সময় : Wednesday, August 26, 2026,

হেফাজতের বিরুদ্ধে মিথ্যাচার ও হুমকির অভিযোগ, কুষ্টিয়ায় হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
জুবায়ের খান প্রান্ত, স্টাফ রিপোর্টার
হেফাজতে ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার, ফতোয়াবাজি ও হুমকির অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে হেযবুত তওহীদ। সংগঠনটির সদস্যদের নিরাপত্তা, ধর্মীয় অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতের দাবিতে বুধবার (২৬ আগস্ট) কুষ্টিয়ায় সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি।
কুষ্টিয়া জেলা হেযবুত তওহীদের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক আমির মো. জসেব উদ্দীন। এতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মো. আক্কাচ আলী। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল লতিফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. আইমান আহম্মেদ কামাল।
লিখিত বক্তব্যে হেযবুত তওহীদ দাবি করে, গত ১ আগস্ট নোয়াখালীতে হেফাজতে ইসলামের একটি সমাবেশে সংগঠনটির বিরুদ্ধে উসকানিমূলক ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়। তাদের স্থাপনা গুঁড়িয়ে দেওয়া ও দেশ থেকে উৎখাতের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়। এ সময় নারীদের নিয়েও অবমাননাকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, ফটিকছড়িতে হেফাজতে ইসলামের দেওয়া ৯ দফা দাবির একটি দফায় হেযবুত তওহীদকে নিষিদ্ধের দাবি জানানো হয়েছে।
হেযবুত তওহীদের নেতারা বলেন, এসব বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে সংগঠনটির সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অতীতেও তাদের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তারা।
সংগঠনটির নেতারা নিজেদের ‘অরাজনৈতিক সংস্কারমূলক আন্দোলন’ হিসেবে উল্লেখ করে বলেন, তারা উগ্রবাদ, সন্ত্রাসবাদ ও ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে কাজ করে আসছেন। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোতে কোনো সদস্য আদালতের রায়ে দোষী সাব্যস্ত হননি বলেও দাবি করেন তারা।
সংবাদ সম্মেলন থেকে উসকানিমূলক বক্তব্য ও ফতোয়া প্রদানের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ ব্যবহার করে উসকানিমূলক প্রচারণা বন্ধ এবং হেযবুত তওহীদের সদস্য, কার্যালয় ও উন্নয়নমূলক প্রকল্পগুলোর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।
এ ছাড়া মতপ্রকাশের স্বাধীনতা, ধর্মীয় অধিকার, সংবিধান ও আইনের শাসন রক্ষায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।










