হেইডেন প্যানেটিয়ারের মৃত্যুর কারণ এখনো অজানা, তদন্ত চলছে
- আপলোডের সময় : Thursday, September 17, 2026,

হেইডেন প্যানেটিয়ারের মৃত্যুর কারণ এখনো অজানা, তদন্ত চলছে
ডেস্ক রিপোর্ট
আমার সকাল ২৪
ঢাকা
হলিউড অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের আকস্মিক মৃত্যুর প্রায় এক মাস পর এ বিষয়ে মুখ খুলেছেন তার মুখপাত্র। তিনি জানিয়েছেন, ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে না আসা পর্যন্ত অভিনেত্রীর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।
গত ১৬ আগস্ট যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের গ্রিনভিলে নিজ বাসভবনে ৩৬ বছর বয়সে মৃত অবস্থায় পাওয়া যায় ‘নাশভিল’খ্যাত এই অভিনেত্রীকে। তার মৃত্যুর তদন্ত প্রসঙ্গে গ্রিনভিল কাউন্টি করোনারের কার্যালয় জানিয়েছে, ময়নাতদন্ত সম্পন্ন হলেও পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত হতে তিন মাস পর্যন্ত সময় লাগতে পারে। তদন্ত প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।
সম্প্রতি এক বিবৃতিতে হেইডেনের মুখপাত্র বলেন, তদন্ত এখনো চলছে। কিছু গণমাধ্যমে অজ্ঞাত সূত্রের বরাতে প্রকাশিত বিভিন্ন তথ্যের কারণে বিভ্রান্তি তৈরি হচ্ছে। সঠিক তথ্যের জন্য তদন্ত প্রক্রিয়াকে সময় দেওয়া প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম পিপল ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, হেইডেনের মৃত্যুর তদন্তে যুক্ত হয়েছে মার্কিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রশাসন (ডিইএ)। মৃত্যুর নয় দিন পর আদালতের অনুমতি নিয়ে অভিনেত্রীর লস অ্যাঞ্জেলেসের বাড়িতে তল্লাশি চালানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই তল্লাশির উদ্দেশ্য ছিল অবৈধ মাদকের সম্ভাব্য প্রমাণ খুঁজে দেখা।
মৃত্যুর সময় হেইডেনের সঙ্গে তার সাবেক প্রেমিক ব্রায়ান হিকরসন ও তার ভাই ছিলেন বলে জানা গেছে। তবে হিকরসনের আইনজীবী তদন্ত শেষ হওয়ার আগে কোনো ধরনের তড়িঘড়ি সিদ্ধান্তে না পৌঁছানোর আহ্বান জানিয়েছেন।
সব মিলিয়ে হেইডেন প্যানেটিয়ারের মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন ও টক্সিকোলজি পরীক্ষার ফল পাওয়ার পরই এ বিষয়ে আরও স্পষ্ট তথ্য পাওয়া যেতে পারে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।