হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
- আপলোডের সময় : Tuesday, August 25, 2026,

হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি
সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজারে বর্তমান হাসান মার্কেটের স্থলে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি সুপার মার্কেট নির্মাণের ঘোষণা দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে হাসান মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
মার্কেটের ব্যবসায়ী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সিসিক প্রশাসক বলেন, হাসান মার্কেট সিলেট নগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাণকেন্দ্রিক এলাকায় অবস্থিত। ঐতিহ্যবাহী এই মার্কেটের স্থলে একটি অত্যাধুনিক সুপার মার্কেট নির্মাণের প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, মার্কেট নির্মাণের আগে ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সার্বিক বিষয় পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব নতুন মার্কেট নির্মাণের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। প্রস্তাবিত মার্কেটে আন্ডারগ্রাউন্ড পার্কিংসহ আধুনিক বিভিন্ন সুযোগ-সুবিধা থাকবে।
একই সঙ্গে বর্তমান ব্যবসায়ীরা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়েও সিটি করপোরেশন গুরুত্ব দেবে বলে জানান তিনি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রইছ আলী। সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মোহাম্মদ আলী আকিক, আজমল হোসেন চৌধুরী, সহসভাপতি আক্তার হোসেন সোহেল, সহসাধারণ সম্পাদক মো. সাহেদ বকস্, আজিজুল মকসুদ তালহা, কোষাধ্যক্ষ জাবেদ আহমদ, কার্যনির্বাহী সদস্য মো. নুরুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম, রিন্টু চক্রবর্তী, মো. আব্দুল রহিম, সাদ্দাম হোসেন মিলন, বিজয় দাস সানি, সমিতির সদস্য মীর মোহাম্মদ জাকারিয়া, নিটু দেব, শাহজাহান আহমদ, আবু হানিফ, সবুজ আহমদ, আব্দুল্লাহ আহমদ খোকন, এরশাদ আলম, কাউসার আহমদ ও অফিস সহকারী সালমান হোসেন ইমনসহ অনেকে।










