হাইকোর্টে অস্ত্র বিক্রেতা মাজেদুলের জামিন আবেদন খারিজ
- আপলোডের সময় : Tuesday, August 25, 2026,

হাইকোর্টে অস্ত্র বিক্রেতা মাজেদুলের জামিন আবেদন খারিজ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় অস্ত্র আইনের আসামি মো. মাজেদুল হক হেলালের জামিন আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।
সোমবার (২৪ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
মামলার নথি অনুযায়ী, হাদি হত্যায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি নরসিংদী থেকে উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা পিস্তলটি ফরেনসিক পরীক্ষায় হত্যাকাণ্ডের ঘটনাস্থলে পাওয়া কার্তুজ ও গুলি ছোড়ার সঙ্গে সংশ্লিষ্ট বলে প্রমাণিত হয়। মাইক্রো-অ্যানালাইসিস পরীক্ষার মাধ্যমে পিস্তলটির সিরিয়াল নম্বরও শনাক্ত করা সম্ভব হয়।
তদন্তে জানা যায়, পিস্তলটি ঢাকার এমআইএইচ আর্মস কোম্পানি ২০১৭ সালের ৩ ডিসেম্বর ইসলাম উদ্দিন আহমেদ অ্যান্ড সন্সের কাছে বিক্রি করে। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটি অস্ত্রটি চট্টগ্রামের হামিদুল হক আর্মস অ্যান্ড কোম্পানির কাছে বিক্রি করে। ওই প্রতিষ্ঠানের মালিক মাজেদুল হক হেলাল।
তদন্তকারীরা জানান, মাজেদুলের অস্ত্রের লাইসেন্স ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের পর আর নবায়ন করা হয়নি।
এর আগে চট্টগ্রামের চকবাজার এলাকা থেকে গ্রেপ্তারের পর গত ১৫ এপ্রিল মাজেদুলকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শেষে গত ১৮ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে হাদি হত্যা ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মাজেদুল।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।