হরমুজ প্রণালি খুললেই ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির দাবি ছাড়বেন ট্রাম্প
- আপলোডের সময় : Monday, August 10, 2026,

হরমুজ প্রণালি খুললেই ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির দাবি ছাড়বেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটিয়ে বিজয় ঘোষণা করতে চাইছেন। এ লক্ষ্যে তেহরান হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন কোনো চুক্তির দাবি থেকে সরে আসার কথা বিবেচনা করছেন তিনি। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসনের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করা। ইরান প্রণালিটি পুরোপুরি খুলে দিলে চলমান যুদ্ধের বিজয় ঘোষণা করার ভিত্তি তৈরি হবে বলে মনে করছেন ট্রাম্প।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীর সঙ্গে ব্যক্তিগত আলোচনায় ট্রাম্প পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান ইস্যু থেকে সরে আসার সম্ভাবনার কথা তুলেছেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যগুলো অর্জিত হয়েছে। এখন মূল মনোযোগ হরমুজ প্রণালি খুলে দেওয়ার দিকে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত জুনে ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা ধ্বংস হওয়ার পর দেশটির পক্ষে পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করা কঠিন হবে বলে মনে করেন ট্রাম্প।
ট্রাম্পের ধারণা, ইরান নতুন করে পারমাণবিক কর্মসূচি শুরু করলে কিংবা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে মার্কিন গোয়েন্দারা তা শনাক্ত করতে পারবে। পাশাপাশি, ভবিষ্যতে মার্কিন সামরিক অভিযানের আশঙ্কাও তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা থেকে বিরত রাখবে বলে মনে করছেন তিনি।
মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচিতে দৃশ্যমান কোনো অগ্রগতি না হলে এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হলে ট্রাম্প বর্তমান যুদ্ধবিরতি অব্যাহত রাখতে পারেন। একই সঙ্গে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়ার সম্ভাবনাও রয়েছে।
এর আগে ট্রাম্প জোর দিয়ে বলেছিলেন, যুদ্ধ শেষ করার যেকোনো চুক্তিতে এমন ব্যবস্থা থাকতে হবে, যাতে ইরান ভবিষ্যতে তার পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করতে না পারে।
তবে নতুন এই অবস্থান কার্যকর হলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের আগের কঠোর অবস্থানে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।










