হবিগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
- আপলোডের সময় : Monday, August 10, 2026,

হবিগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার রুকুনপুর বাজারের দক্ষিণ পাশে বড়চর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— নবীগঞ্জ উপজেলার কারখানা গ্রামের সুফি মিয়ার ছেলে মাওলানা মশহুদ আহাম্মদ (৪০), ইনাতগঞ্জ বাজার এলাকার আব্দুল করিমের ছেলে ময়না মিয়া (৪২) এবং একই এলাকার দক্ষিণ গ্রামের বাসিন্দা ও ময়না মিয়ার ছেলে কাশেম মিয়া (৫০)।
শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ঢাকামুখী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটমুখী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান পিকআপের যাত্রী মাওলানা মশহুদ আহাম্মদ।
দুর্ঘটনায় পিকআপের চালকসহ আরও কয়েকজন গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযানে নামেন এবং গুরুতর আহত ময়না মিয়া ও কাশেম মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন জানান, ঘটনার পরপরই ঘাতক বাস ও ক্ষতিগ্রস্ত পিকআপটি জব্দ করে হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনা সংক্রান্ত বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।










