
পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনায় নুরাইনপুর অগ্রণী বিদ্যাপীঠের গণিত বিভাগের প্রবীণ শিক্ষক মো. মুসা (৫০) নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মুসা সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর গ্রামের বাসিন্দা এবং মো. ইউনুস মিয়ার ছেলে। তিনি দীর্ঘ ২৬ বছর ধরে নুরাইনপুর অগ্রণী বিদ্যাপীঠে গণিত শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নিজ বাসা থেকে এশার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছিলেন তিনি। পথে উত্তর দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দিলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাঈম শাকিব জানান, শিক্ষকের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিক চিকিৎসা চলাকালেই তিনি মারা যান।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, তিনি কর্মস্থলের বাইরে রয়েছেন। তবে ঘটনাটি জানার পর পুলিশকে ঘটনাস্থল ও হাসপাতালে পাঠানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
শিক্ষক মো. মুসার আকস্মিক মৃত্যুতে নুরাইনপুর অগ্রণী বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।