স্ত্রী-সন্তানকে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের
ফরহাদ হোসেন রাজ
আপলোডের সময় :
মঙ্গলবার, মে ২৬, ২০২৬,
স্ত্রী-সন্তানকে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের
স্ত্রী-সন্তানকে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের
ফরহাদ হোসেন রাজ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রামে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান মনির হোসেন (৩৭), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) এবং তাদের ১০ বছর বয়সী ছেলে মুহাম্মদ আয়ান।
সোমবার (২৫ মে) সন্ধ্যায় উপজেলার অলোয়েদার সড়কের ভাতশালা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন মিঠামইন উপজেলার মহিষারকান্দি গ্রামের বাসিন্দা। তিনি কিশোরগঞ্জ শহরে দুটি কোচিং সেন্টার পরিচালনা করতেন। পরিবার ও শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন একজন পরিশ্রমী ও স্বপ্নবাজ মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন সন্ধ্যায় মনির হোসেন স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে অষ্টগ্রাম থেকে মিঠামইনের দিকে ফিরছিলেন। ভাতশালা সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে ঘটনাস্থলেই মনির হোসেন, তার স্ত্রী মুন্নি আক্তার এবং ছেলে আয়ান নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয়রা হতবাক হয়ে পড়েন।
দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে সেটি আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানবাহন ও চালককে থানায় নিয়ে যায়।
একসঙ্গে তিনজনের মৃত্যুর খবরে মহিষারকান্দি গ্রামে নেমে আসে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
একটি দুর্ঘটনা কেড়ে নিল একটি পরিবারের তিনটি প্রাণ, নিভিয়ে দিল তাদের সব স্বপ্ন ও ভবিষ্যতের আলো।